মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বড় ধরনের ঊর্ধ্বগতি দেখিয়েছে। ইসরাইলের নতুন হামলা এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় একদিনেই ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.২০ ডলার বা ৩.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৬.২৪ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই (WTI) অপরিশোধিত তেলের দাম ২.৮৭ ডলার বা ৩.১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৩.৪১ ডলারে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে সম্ভাব্য সরবরাহ বিঘ্নের আশঙ্কা তেলের বাজারে নতুন চাপ তৈরি করেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে অস্থিরতা দেখা দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব পড়ে।
সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর বাজারে উদ্বেগ আরও বেড়ে যায়। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত সমাধানের সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যে বৃহত্তর সংঘাত এড়াতে এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বলেও জানান।
এদিকে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে ওপেক প্লাস (OPEC+) টানা চতুর্থবারের মতো উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালির ঝুঁকি এবং উৎপাদনকারী দেশগুলোর সীমিত সক্ষমতার কারণে এই পদক্ষেপের প্রভাব খুব বেশি হবে না।
রিস্টাড এনার্জির ভূরাজনৈতিক বিশ্লেষণ বিভাগের প্রধান জর্জ লিওনের মতে, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তের বাস্তব প্রভাব প্রায় শূন্যের কাছাকাছি, কারণ বাজার এখন মূলত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখছে।



