পরীক্ষামূলক সংস্করণ

সেন্ট মার্টিনে সমুদ্রে বর্জ্য ফেলার প্রমাণ, রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের দায়ে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দ্বীপের দক্ষিণপাড়া সৈকতে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। একই অভিযানে সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করা হয়। ট্রলারটির চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। অভিযানে বিভিন্ন রিসোর্টের পরিবেশগত অবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় সেন্ট ক্যাসেল রিসোর্টের বিরুদ্ধে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ প্রথমে কর্তৃপক্ষ অস্বীকার করে। পরে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে রিসোর্টটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি ও পরিবেশগত বিষয় পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এদিকে, সেন্ট মার্টিনের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ আহরণের অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করে কোস্ট গার্ড। ভ্রাম্যমাণ আদালত ট্রলারটির চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...