পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রিন সিটিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দীর্ঘ সময় ওই রুশ নাগরিকের কক্ষ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাথরুমে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ওসি আশাদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



