পরীক্ষামূলক সংস্করণ

ফটিকছড়িতে মুখোশধারীদের গুলিতে আহত ৬, অটোরিকশায় ছিলেন রায়হান: পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি ছররা গুলিতে ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে পাঁচজন অস্ত্রধারী গুলি ছোড়েন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার পর অটোরিকশাচালককে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। পুলিশের দাবি, গুলি ছোড়ার সময় ওই অটোরিকশায় চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হানও ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশ পরা পাঁচজন অস্ত্রধারী চুঁরখারহাট বাজার মোড়ে আসেন। সেখানে পৌঁছে তাঁরা চারদিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে বাজারের উত্তরে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানেও অটোরিকশা থেকে কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়। এরপর তাঁরা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান।

গুলিতে আহত ব্যক্তিরা হলেন মো. জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁদের সবার বাড়ি সুয়াবিল ইউনিয়নে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশে দেন। জাবেদ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ জানিয়েছেন, নাজিরহাটের ঝংকার মোড় থেকে সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন তাঁর অটোরিকশা ভাড়া করেন। পরে তাঁকে জিম্মি করে অটোরিকশা নিয়ে চৌমুহনীর দিকে যেতে বলেন তাঁরা। অস্ত্রধারী হওয়ায় তাঁদের নির্দেশ মেনে গাড়ি চালাতে বাধ্য হন বলে দাবি করেন জাবেদ।

তবে পুলিশের ধারণা, অটোরিকশাচালকও গুলির ঘটনায় জড়িতদের সহযোগী ছিলেন। এ ঘটনায় মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, বাজারে আতঙ্ক ছড়াতে মুখোশধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তিরা অস্ত্রধারীদের লক্ষ্যবস্তু ছিলেন না। কী উদ্দেশ্যে তাঁরা বাজার এলাকায় এসেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ফটিকছড়ির সুয়াবিল এলাকায় লুকিয়ে আছেন—এমন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে ভূজপুরের হাজিরখিলে রায়হানের একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল।

হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে তাঁরা নিশ্চিত হয়েছেন, চুঁরখারহাট বাজারে গুলি ছোড়া অটোরিকশাটিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ছিলেন। তাঁর দাবি, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রায়হানের অবস্থান শনাক্তের চেষ্টা করছিল। ধরা পড়ার ভয়ে রায়হান ও তাঁর সহযোগীরা গুলি ছুড়ে ভীতি প্রদর্শন করে এলাকা থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গুলির ঘটনার পর সোমবার রাতে ওই এলাকায় আবারও অভিযান চালায় পুলিশ। রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে হ্যান্ডমাইকে বক্তব্য দেন এএসপি তারেক আজিজ। তিনি স্থানীয় বাসিন্দাদের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানের অবস্থান জানাতে এবং তাঁকে খুঁজে বের করতে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, রায়হানকে গ্রেপ্তার করা গেলে চট্টগ্রামের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

পুলিশের অভিযোগ, রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী। বড় সাজ্জাদের বাহিনীর হয়ে চট্টগ্রাম নগর ও আশপাশের বিভিন্ন উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই রাতে রায়হানকে গ্রেপ্তারে নোয়াখালীতেও অভিযান চালানো হয়েছিল। তবে তিনি পালিয়ে যান। পরদিন ৩০ জুলাই এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, পুলিশ রায়হানকে প্রায় ধরে ফেলেছিল; তবে তিনি ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। ওই অভিযানের বিষয়ে পুলিশ সুপার বলেন, “রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে।”

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...