পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।” এতে বাহিনীর সদস্যরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, সাম্প্রতিক তিনটি ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যাকাণ্ড, দৌলতদিয়ার নৌ পুলিশের উদ্ধার অভিযান এবং মুন্সিগঞ্জের একটি ঘটনায় আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সফল ভূমিকার জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
প্রতি সদস্যকে ২০ হাজার টাকা পুরস্কার এবং সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। কয়েকজনকে ব্যাজও দেওয়া হয়েছে বলে জানান তিনি।



