যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পালটা হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর এবং জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বুধবার (১০ জুন) ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় সবাইকে শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানায়।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আঘাত হেনেছে।
তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাহরাইন কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে কুয়েতেও বুধবার ভোরে সাইরেন বেজে ওঠে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের আকাশপথে আসা লক্ষ্যবস্তু প্রতিহত করতে কাজ করছে। একই সঙ্গে নাগরিকদের সরকারি নির্দেশনা অনুসরণ এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, তারা দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে জর্ডানে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজার কোনো খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।



