ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা দুজনই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সাবেক স্বামী মো. রাকিব হাসান নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রথম স্বামীকে যথাযথভাবে তালাক না দিয়েই তামিমা নাসিরকে বিয়ে করেন।
পরবর্তীতে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়, যেখানে নাসির, তামিমা ও তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়। তবে বিচার শেষে তামিমার মায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।



