ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ডাকটিকিট প্রকাশ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। স্মারক প্রকাশনা উপলক্ষে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ।
এদিকে ইতিহাসের সর্বোচ্চ ৪৮টি দল নিয়ে আজ শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর বিশ্বকাপের ২৩তম সংস্করণ। একই সঙ্গে প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশজুড়ে উৎসবের আবহের মধ্যেই স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড প্রকাশের মাধ্যমে আয়োজনটির প্রতি বিশেষ সম্মান জানানো হয়েছে।



