যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাতে চলেছেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয় দেব, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত।
ফিফা বিশ্বকাপের বৈশ্বিক এই ফুটবল মহোৎসবের অংশ হিসেবে কানাডার টরন্টোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কানাডার টরন্টো স্টেডিয়ামে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার উদ্বোধনী ম্যাচটি দিয়ে শুরু হচ্ছে এই অঞ্চলের মাঠের ফুটবল যুদ্ধ। বাংলাদেশ সময় আজ শুক্রবার (১২ জুন) রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট আগে মাঠে গড়াবে ১৩ মিনিটের এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে বিশ্বখ্যাত তারকাদের সাথে পারফর্ম করবেন সঞ্জয়। এই জমকালো অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মাইকেল বুবল ও অ্যালানিস মরিসেট। এ ছাড়া উদ্বোধনী মঞ্চে আরও পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স, ইলিয়েনা, নোরা ফাতেহি এবং ভেজেড্রিম।
এমন ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্ত নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডিজে সঞ্জয়। তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘জীবন নিয়ে এমন স্বপ্ন দেখা থেকে আজ সরাসরি সেই মঞ্চের অংশ হওয়া, পুরো বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। একজন অভিবাসীর সন্তান হিসেবে নিজের ঘরের ছোট্ট স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যি অন্যরকম এক দারুণ অনুভূতি।’ আন্তর্জাতিক মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান সুদৃঢ় করা এই প্রতিভাবান তরুণ আরও যোগ করেন, ‘এটি কেবল আমার ব্যক্তিগত কোনো সাফল্য নয়। এটি মূলত সেই সব তরুণদের প্রতিনিধিত্ব করে যারা দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে বড় হয়েছে এবং মনেপ্রাণে বিশ্বাস রেখেছে যে তাদের কণ্ঠস্বরও একদিন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে।’



