বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরে সদরের পিএমখালীতে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘পাতলী খাল পুনঃখনন’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (১৩ জুন ২০২৬) সকালে জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে একদিনের সফরে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের দিকে আবহাওয়া বৃষ্টিস্নাত থাকা সত্ত্বেও কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার পর প্রধানমন্ত্রী নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসেন এবং নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন। এসময় প্রধানমন্ত্রীর ঠিক পাশের আসনে বসা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই গাড়িতে আরও আরোহী ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘পাতলী খাল পুনঃখনন’ কর্মসূচির মূল অনুষ্ঠানস্থলে যান এবং সেখানে এই উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

পিএমখালীতে খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিকতা ও উদ্বোধনী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দর থেকে শুরু করে পিএমখালী হয়ে চকরিয়ার ডুলাহাজারা পর্যন্ত দীর্ঘ পুরো পথজুড়ে রাস্তার দুই পাশে হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটে। এ সময় সমবেত জনতা করতালি, ফুলেল শুভেচ্ছা এবং উচ্ছ্বসিত স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এক অভূতপূর্ব ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন। একদিনের এই সংক্ষিপ্ত ও ব্যস্ত সফরে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।



