দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৩ জুন স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার দাম কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
বিশ্ববাজার ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের গহনা বাজারেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



