পরীক্ষামূলক সংস্করণ

জিপিএ-৫’র পেছনে না ছুটে শিক্ষার্থীদের সৃজনশীল হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীরা শুধু জিপিএ–৫ বা গোল্ডেন এ প্লাসের পেছনে না ছুটে যেন মেধাবী, সৃজনশীল ও উদ্ভাবনী মানুষ হিসেবে গড়ে ওঠে, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৫ জুন) রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬–এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা চাই না আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শুধু জিপিএ–৫, এ প্লাস কিংবা গোল্ডেন প্লাসের মতো সোনার হরিণের পেছনে ছুটে বেড়াক। আমরা চাই তারা সত্যিকারের মেধাবী ও সৃজনশীল ছাত্র হোক এবং তারা খেলাধুলার ছলে আনন্দময় পরিবেশে শিখবে, সেটাই আমাদের মূল লক্ষ্য।

আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, সরকার প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ (একজন শিক্ষক, একটি ট্যাব) ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যা আগামী বাজেটে দৃশ্যমান হবে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষক তার ক্লাসরুমে কতজন ছাত্রছাত্রী রয়েছে তা জানার পাশাপাশি তাদের উপস্থিতি, শারীরিক ও মানসিক অবস্থা এবং পারিবারিক অবস্থা সম্পর্কেও তথ্য রাখতে পারবেন। একই সাথে শিক্ষকরা এই ট্যাবলেটের সাহায্যে মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষার্থীদের আরও আনন্দময় উপায়ে পাঠদান করাতে পারবেন।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে নতুন কারিকুলামের বিষয়ে মন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি এবং বিতর্ক প্রতিযোগিতাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে বিতর্ক এবং মানবসম্পদ উন্নয়নের মূল ধারণাটি যুক্ত করা হবে। সরকার অবাধ মানবসম্পদকে একটি কর্মক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য ক্রমান্বয়ে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা—উভয় ক্ষেত্রেই এই কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে যাতে বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকতে পারে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র হলেও এই বিপুল জনসংখ্যা কখনোই একটি জাতির জন্য অভিশাপ হতে পারে না, বরং সঠিক শিক্ষার মাধ্যমে একে মূল্যবান মানবসম্পদে রূপান্তরিত করা সম্ভব বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...