পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়, বরং সেতু নির্মাণের সময় রাখা অতিরিক্ত প্রতিবন্ধকতা ও কাজের সহায়ক মাটিই সেখান থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের মনে ব্যাপক বিভ্রান্তি এবং তীব্র সমালোচনার সৃষ্টি করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত সত্য ও ব্যাখ্যা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে সরানোটাকে অন্যভাবে দেখছেন।’
সেতু এলাকা থেকে মাটি সরিয়ে নেওয়ার এই বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু হওয়ায় ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে।’ সার্বিক নিরাপত্তা এবং পরিস্থিতি বিবেচনা করেই ওখানকার মাটি সরানো হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে অতিরিক্ত মাটি ছিল, অবস্ট্রাকল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে। এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওখানে গাছ লাগানো হবে।’
একই সময়ে রাজধানীর বাসস্ট্যান্ডগুলো স্থানান্তরের বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘একটা বাসস্ট্যান্ডে ১২-২৪ ঘণ্টা বাস থাকছে। আমরা মনে করছি ডিপোতে বাস থাকবে, ছাড়ার কিছু আগে এসে যাত্রী নেবে। বাসস্ট্যান্ডের যে ব্যবহার, সেটা হবে। কিন্তু দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা বাসস্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওটার পরিবর্তন চাচ্ছি।’



