ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।
এ প্রেক্ষাপটে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী মোতায়েনসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে পৃথক চিঠির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সহায়তা চাওয়া হয়।




