প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, নদীভাঙন প্রতিরোধ এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান নদী খনন কর্মসূচি, পরিবেশ সুরক্ষা এবং বন্যার ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ সময় তিনি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তা কামনা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং বাংলাদেশের পানি সম্পদ উন্নয়ন, নদী ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লি গোওইং বলেন, ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফর দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক গবেষণাভিত্তিক ও বাস্তবমুখী।
বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের মন্ত্রী বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য চীন সফরের আমন্ত্রণ জানান।
এ বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।



