বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে নিজ বাসা থেকে বিএনপি নেতা আবুল কালাম চাকলাদারের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম চাকলাদার রনবিজয়পুর গ্রামের বাসিন্দা এবং হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ও ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। এর আগে তিনি সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কালাম চাকলাদার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শনিবার সকালে স্বজন ইয়াসমিন বেগম খাবার দিতে তার বাড়িতে যান। একাধিকবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন।
এ সময় ঘরের দরজা খোলা অবস্থায় জানালার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে দেখতে পান। পরে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।
নিহতের স্বজনরা ঘটনাটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল জানান, আবুল কালাম চাকলাদারের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বাগেরহাট সদর থানার ওসি শামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



