বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা সবসময়ই আর্জেন্টিনাকে বিস্মিত করে এবং এবার তাদের মুখে হাসি ফোটাতে জয় উপহার দিতে চান।
মঙ্গলবার (১৪ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ। সত্যি বলতে এটা অবিশ্বাস্য। বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে এত ভালোবাসে, এটা সত্যিই অসাধারণ।’
তিনি আরও বলেন, ‘নিজের দেশের বাইরেও অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে সমর্থন করতে দেখাটা দারুণ অনুভূতি। বাংলাদেশকে অনেক ধন্যবাদ। আশা করি, আজ আমরা বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব। এ কারণেই আমরা এখানে এসেছি।’
বাংলাদেশ প্রসঙ্গের পাশাপাশি দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেন স্কালোনি। তার মতে, নানা সমালোচনা থাকলেও টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রমাণ করে আর্জেন্টিনা ভালো ফুটবল খেলছে।
স্কালোনি বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের কারণেই দল বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছে। তিনি মনে করেন, এ অর্জন নিয়ে পুরো দলের গর্বিত হওয়া উচিত।
বিশ্বকাপের নকআউট পর্বের কঠিন পথ পেরিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্কালোনির মতে, শিরোপা জিততে হলে প্রতিটি ম্যাচেই প্রতিকূলতা মোকাবিলা করতে হয় এবং চাপ সামলে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হয়।
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রতিপক্ষের তারকা ফুটবলার হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম-এর প্রশংসা করলেও তাদের থামানোর জন্য আলাদা কৌশল প্রস্তুত রয়েছে বলে জানান আর্জেন্টাইন কোচ।
সংবাদ সম্মেলনে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ উঠলে স্কালোনি বলেন, ইতিহাসের ঘটনাকে ফুটবলের সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়। এটি কেবল একটি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ এবং খেলাটিকে সেই দৃষ্টিতেই দেখা উচিত।
উল্লেখ্য, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল আগামী ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালে খেলবে।



