বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তির খবর। তরুণ তারকা লামিন ইয়ামাল পুরোপুরি সুস্থ এবং আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে লুকা দিনিয়ের সঙ্গে বলের দখল নিয়ে লড়াই করতে গিয়ে পায়ে চোট পান ইয়ামাল। যদিও আঘাত পাওয়ার পরও ম্যাচের শেষ পর্যন্ত খেলেন তিনি। পরে দলের অনুশীলনে অংশ না নেওয়ায় তার ফাইনাল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ইয়ামালকে সতর্কতার অংশ হিসেবে আলাদা অনুশীলনে রাখা হয়েছিল। চিকিৎসক ও ফিজিওদের পর্যবেক্ষণের পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত।
স্পেন কোচ বলেন, ইয়ামাল ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং তার শারীরিক অবস্থায় কোনো সমস্যা নেই। ফাইনালের আগে শেষ অনুশীলন সেশনটি দলের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পেশিতে টান লেগে ৮৫ মিনিটে মাঠ ছাড়েন স্পেনের রাইটব্যাক পেদ্রো পোরো। তিনিও এখন পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন বলে জানিয়েছেন কোচ।
বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ইয়ামাল ও পোরোর ফিট হয়ে ওঠায় স্পেন শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে।



