বিএনপি নেতা রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাশেদ খানকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সোমবার (২০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে নিয়োগের প্রজ্ঞাপনটি শেয়ার করে রাশেদ খান নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী তার ওপর যে আস্থা রেখেছেন, সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
এই নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হলেন বিএনপি নেতা রাশেদ খান।



