গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো পরিচালনা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি সংরক্ষণ ও প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের মোবাইল ফোন থেকে অনলাইন জুয়ার (ক্যাসিনো) অ্যাপের আলামতও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।
গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামের বাসিন্দা। রোববার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তার স্বজনরা। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।



