নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. ইউনুস আলী নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. ইউনুস আলী স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এ কর্মরত ছিলেন। সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের প্রস্তুতিমূলক ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ছুটিতে থাকা অবস্থায় বাড়ির আশপাশে ঘুরতে গিয়ে তিনি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিনের প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ইউনুস আলীর গলায় আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরে আহত পুলিশ সদস্যের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত অভিযুক্ত তুহিন ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



