দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৩০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ৮৭৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ১ লাখ ২ হাজার ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হামের টিকা সময়মতো গ্রহণ, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।



