ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্তসহ পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। প্রায় ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা রেললাইন ছেড়ে দিলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে শিক্ষার্থীদের দাবি নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বরখাস্ত এবং ঘটনার তদন্তে দুটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্তের জন্য একটি কমিটি রেলওয়ে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করবে। অন্য কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত থেকে নিরপেক্ষ তদন্ত করবেন।
বৈঠকে ভুক্তভোগী শিক্ষার্থী ফুরকান উদ্দিনের চিকিৎসা রেলওয়ে হাসপাতালে অথবা তার পছন্দ অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ পুনরায় চালুর বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে বলে তারা আশা করছেন।
এর আগে টিটিইর দৃষ্টান্তমূলক শাস্তিসহ দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাবির পাশের রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। টানা ৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।



