ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদ এবং সরকারের জবাবদিহির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংসদ অভিমুখে পদযাত্রার পর কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী।
এর আগে শিক্ষার্থীদের ওপর পুলিশের আচরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতার সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ওপর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত।
রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার কারণে তাদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান।
এর আগে সংসদ অধিবেশনের আগে রাহুল গান্ধী লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ ও পরীক্ষা-সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, বিরোধী দল শিক্ষার্থীদের কণ্ঠস্বর সংসদ ও রাজপথে তুলে ধরবে এবং বিষয়টি চাপা পড়তে দেবে না।
এদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির আরএমএল হাসপাতালে আহত বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেছেন বলেও প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।



