প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল জানান, সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীকে আরও পেশাদার ও শক্তিশালী করতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
জবাবে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সরকারের সহযোগিতা, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌপ্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৩ জুলাই তিনি নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।



