নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, র্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। এ সময় ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
এর আগে ১৬ জুলাই সরকার রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়। তিনি এর আগে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এবং বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন।
রাজশাহী ক্যাডেট কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



