বাবার মৃত্যুর পর রাতভর এটিএম বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকন দাড়িয়ার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
বুধবার (২৩ জুলাই) রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে এ সিদ্ধান্তের কথা জানান।
ইকন দাড়িয়া বাগেরহাটের খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তিনি শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।
মঙ্গলবার (২২ জুলাই) বাবার দাফন সম্পন্ন করার পর জীবিকার তাগিদে রাতে কর্মস্থলে যোগ দেন ইকন। রাতভর দায়িত্ব পালনের পর বুধবার সকালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার সংগ্রামের গল্প গণমাধ্যমে প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শিক্ষামন্ত্রীর পিএস ফারহান ইশতিয়াক জানান, চলমান এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ইকনকে যেন চাকরি করতে না হয়, সে জন্য দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা শেষে তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে মারা যান ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া (৪৫)। তিনি মোটরসাইকেল চালিয়ে সংসারের ব্যয় নির্বাহ করতেন। বড় ছেলে ইমন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্য হারানোর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে ছোট ছেলে ইকনের ওপর।
শিক্ষামন্ত্রীর সহায়তার বিষয়ে ইকন বলেন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফোন করে আর্থিক সহযোগিতা ও ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইকনও উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।



