কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
কুমিল্লা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, কয়েকদিন আগে স্ট্রোক করে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে প্রথমে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
মো. সাইফুল মালিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। তিনি ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন এবং বর্তমানে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
জেলা পুলিশ জানিয়েছে, সাইফুল মালিকের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।



