শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি মুম্বাই কংগ্রেসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে পুলিশের একটি গাড়ির ভেতরে আটক কয়েকজন শিক্ষার্থী ও বিক্ষোভকারীকে হুমকি দিতে দেখা যায়।
ভিডিওতে অভিযুক্ত পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আন্দোলনে আবার অংশ নিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়া হবে এবং ব্যাগে মাদক রেখে জীবন নষ্ট করে দেওয়া হবে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় মুম্বাই পুলিশ। পুলিশ সূত্র জানায়, ঘটনার সত্যতা যাচাইয়ে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিডিওতে দেখা যাওয়া ওই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার (বরখাস্ত) করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দান এলাকায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।



