দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ জনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে ৭১০ জন হামের উপসর্গে এবং ৯৫ জন হাম আক্রান্ত হয়ে মারা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১৪ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৬ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং ৮৪৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২১ হাজার ২০০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১৫ হাজার ৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে ১ লাখ ৩ হাজার ৮৬৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ১৮৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।



