পরীক্ষামূলক সংস্করণ

কক্সবাজার হচ্ছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে উপকূলীয় এলাকায় উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান ৫০ মিটার ও ৫০০ মিটারের বিধিনিষেধ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অর্থমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে বিদ্যমান নীতিমালা ও সীমাবদ্ধতাগুলো নতুন করে মূল্যায়ন করা হবে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ৫০ ও ৫০০ মিটারের উন্নয়ন বিধিনিষেধ বিনিয়োগে কী ধরনের প্রভাব ফেলছে, তা পর্যালোচনা করা হবে।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই হোটেল, রিসোর্ট, মোটেল, বিনোদনকেন্দ্র এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন করা হবে। সরকারের লক্ষ্য কক্সবাজারকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব আন্তর্জাতিক পর্যটন নগরীতে রূপান্তর করা।

অর্থমন্ত্রী আরও বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দর, রেল যোগাযোগ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। এসব অবকাঠামোর সমন্বিত ব্যবহারের মাধ্যমে পর্যটন, বাণিজ্য ও সেবাখাতকে আরও গতিশীল করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কক্সবাজার দেশের অন্যতম প্রবৃদ্ধির কেন্দ্র (গ্রোথ হাব) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কক্সবাজারের সার্বিক উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। এতে আন্তর্জাতিক পর্যটন হাব গড়ে তোলা, উপকূলীয় উন্নয়ন, মেরিন ড্রাইভ, বিনিয়োগবান্ধব পরিবেশ, আধুনিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, নিরাপদ পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।

 

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...