বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের মুক্তি নিশ্চিত করা এবং দেশের ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত সংসদের ভেতরে ও বাইরে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয়। ইতিহাসে যারা জনগণের মতামতকে উপেক্ষা করেছে, তাদের চরম মূল্য দিতে হয়েছে। তিনি সরকারের প্রতি জনগণের রায়কে সম্মান জানিয়ে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান।
গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও পরে সরকার গণভোটকে অবৈধ বলছে। তার প্রশ্ন, যদি গণভোট অবৈধ হয়, তাহলে সেই প্রক্রিয়ার পরবর্তী রাজনৈতিক বৈধতা কীভাবে প্রতিষ্ঠিত হয়?
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের দায়িত্ব সরকারকে নিতে হবে। একই সঙ্গে জুলাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, যারা দেশের রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। তিনি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।



