কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার ঘটনাকে কেন্দ্র করে সাত শিক্ষককে বদলির সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষকদের বদলি নয়, ক্যাম্পাসের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা শিক্ষকদের বদলি স্থগিত, জলাবদ্ধতা নিরসন এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।
আন্দোলনের একপর্যায়ে বরগুনা সরকারি কলেজে বদলির আদেশ পাওয়া ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানান। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক প্রক্রিয়া এবং আন্দোলনের কারণে যেন তার চাকরি ক্ষতিগ্রস্ত না হয়। পরে তিনি শিক্ষার্থীদের হাতে থাকা একটি ব্যানার ছিঁড়ে ফেলেন এবং কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এতে ক্যাম্পাসে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সাত শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একসঙ্গে এতজন শিক্ষককে বদলি করলে বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট তৈরি হবে এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে।
তাদের আরও দাবি, শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজ নয়, পুরো কুমিল্লা নগরীতেই দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এইচএসসি পরীক্ষার সময় ক্যাম্পাসে সৃষ্ট জলাবদ্ধতার জন্য শিক্ষকদের দায়ী করা যৌক্তিক নয়। তাই বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। বিষয়টি জানার পর তিনি তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছেন।



