দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও স্থানীয় বাসিন্দাদের যৌথ তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুরের ভাইগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় পুশইনের প্রস্তুতির বিষয়টি টের পান। পরে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ জানালে বিএসএফ পিছু হটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ পিলারের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভীমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে জড়ো করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি আলম জানান, বিএসএফ ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা সফল হয়নি এবং বিএসএফ সীমান্ত এলাকা থেকে সরে যায়।



