বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
নির্দেশনা অনুযায়ী, পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশ নিতে পারেননি, তারা পুনঃপরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি তাদের মধ্যে রয়েছে—পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষার্থী। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, রেজিস্ট্রেশন সম্পন্ন করা পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।



