ভারতে শিক্ষার্থীদের ওপর সংঘটিত সহিংসতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি দায়ী করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহারের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই দেওয়া হয়েছে। তিনি বলেন, এই বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে।
রাহুল গান্ধী আরও বলেন, সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ইতিবাচক পদক্ষেপ হলেও কেবল একজন মন্ত্রীর পদত্যাগে সমস্যার সমাধান হবে না। শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ভারতের শিক্ষা ব্যবস্থার ওপর রাজনৈতিক প্রভাব বেড়েছে এবং এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলন দেশের শিক্ষা ব্যবস্থার সংকটকে সামনে এনেছে।
রাহুল গান্ধীর মতে, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।



