ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রথমবারের মতো এ৪০০এম (A400M) সামরিক পরিবহণ বিমান ব্যবহার করেছে দেশটির সরকার। শনিবার (২৫ জুলাই) বিমানটি আনুষ্ঠানিকভাবে অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেয় বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে।
ফরাসি সরকারের তথ্য অনুযায়ী, এ৪০০এম বিমানটি একবারে প্রায় ২০ টন পানি বা আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত বিশেষ রাসায়নিক ছিটাতে সক্ষম। ধারণক্ষমতার দিক থেকে এটি প্রায় তিনটি কানাডেয়ার অগ্নিনির্বাপণ বিমানের সমান কার্যকারিতা দেখাতে পারে।
প্রাথমিকভাবে চলতি মাসের শেষদিকে পরীক্ষামূলকভাবে বিমানটি ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল ভয়াবহ আকার ধারণ করায় প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু জরুরি ভিত্তিতে এটি অগ্নিনির্বাপণ অভিযানে মোতায়েনের নির্দেশ দেন।
দাবানল মোকাবিলায় পরীক্ষামূলকভাবে এ৪০০এম বিমান ব্যবহারের জন্য ফ্রান্সের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে একটি চুক্তি করে।
এদিকে জিরোন্ডে অঞ্চলের দাবানল পরিস্থিতিকে এখনো অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সোফি ব্রোকাস।
দাবানলের কারণে বোর্দো শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৫৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের তীব্রতায় সেখানে ‘ফায়ারস্টর্ম’ (অগ্নিঝড়) নামে পরিচিত বিরল আবহাওয়াগত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ফ্রান্সের জন্য নজিরবিহীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



