২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেতা আসাদুজ্জামান নূর, চিত্রনায়িকা মাহিয়া মাহি, হিরো আলমসহ ২৭ জন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর রাষ্ট্রসংলাপ ফোরামের (SDF) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্র গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়গুলো যাচাই-বাছাই করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের উসকানি, সমর্থন এবং প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল।
অভিযোগের তালিকায় রয়েছেন— ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুন আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, আসাদুজ্জামান নূর, সোমা ইসলাম ও আনিস আলমগীরসহ ২৭ জন।
অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা বিভিন্নভাবে উসকানি দিয়েছেন এবং পরবর্তী সময়েও বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করেছেন।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানান।



