এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৮ জুলাই) এর মধ্যে ফল সম্পূর্ণ প্রস্তুত হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই, জিপিএ নির্ধারণসহ ফল প্রস্তুতের প্রায় সব কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে চলছে চূড়ান্ত যাচাই-বাছাই।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল শতভাগ প্রস্তুত হবে। এরপর ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, গত বছরের মতো এবারও ‘যা লিখেছে, তাই নম্বর’ নীতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। এছাড়া কোনো ধরনের গ্রেস মার্ক, অতিরিক্ত নম্বর বা বিশেষ সহানুভূতিশীল মূল্যায়নের সুযোগ রাখা হয়নি।
এদিকে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী। ফল প্রকাশের নির্ধারিত তারিখ শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।



