বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে দলটির গণতান্ত্রিক চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) রংপুরে দুই দিনের সফরের সময় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে। প্রার্থীদের যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগ বাড়িয়ে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল।
পরে তিনি রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন, উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও কিশোরীদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।



