শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের সংসদে পৌঁছালে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার সংসদ চত্বরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা।
সংসদে পৌঁছে ধর্মেন্দ্র প্রধান গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এ সময় বিজেপি ও এনডিএর সংসদ সদস্যরা তাকে ঘিরে ধরেন এবং ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগান দেন। একপর্যায়ে তাকে ঐতিহ্যবাহী টুপি পরিয়ে ও শাল পরিয়ে সম্মান জানানো হয়।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে। কংগ্রেসের রাজ্যসভার সদস্য রেণুকা চৌধুরী বলেন, এমন ধরনের সংবর্ধনার নজির আগেও দেখা গেছে।
সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।
পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি বলেন, দেশের তরুণরা ভারতের প্রকৃত শক্তি এবং তাদের বিভ্রান্তির মধ্যে রাখা যাবে না।
এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, সরকারের সঙ্গে আলোচনায় তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। এরপর তারা এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।



