লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রুবেল গুরুতর আহত হন।
নিহত চৌধুরী রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চবিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রুবেল সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি বেপরোয়া গতির ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তার হাত, পা ও মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই ও সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না জানান, ড্রামট্রাকের চাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



