রাজবাড়ী ও ফরিদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৯০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মো. ফজলুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন ডিবির ওসি মো. মফিজুল ইসলাম।
অন্যদিকে, ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন পশ্চিম আড়পাড়া গ্রামের বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মধুখালী থানার পুলিশ জানায়, গ্রেপ্তার বাকেল মোল্লার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।



