ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট ও ভিডিও ছড়ানোর অভিযোগে সাইবার অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। নিট আন্দোলনের সময় প্রকাশিত এসব কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
দিল্লি পুলিশের একটি বিশেষ টিম ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত নজরদারি চালাচ্ছে। পুলিশের নির্দেশনার পর চিহ্নিত বেশ কিছু আপত্তিকর ভিডিও, পোস্ট ও মন্তব্য ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিট আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলন প্রত্যাহারের একদিন পরই পুলিশের এই পদক্ষেপ সামনে আসে।
নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন প্রায় ৩৭ দিন চলার পর গত শনিবার (২৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় সিজেপি।
আন্দোলনকারীদের সঙ্গে সরকারের সমঝোতার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি নিট পরীক্ষায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিও মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের পক্ষ থেকে দাবিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর তারা আন্দোলন স্থগিত করেছেন।
দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলনে পরে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক যুক্ত হলে তা আরও আলোচনায় আসে। সংসদ চলো কর্মসূচিকে ঘিরে উত্তেজনার পর আলোচনার মাধ্যমে আন্দোলনের সমাপ্তি ঘটে।



