আইনজীবী ও আলোচিত মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল জানান, পিয়া জান্নাতুলের নিরাপত্তা সংক্রান্ত জিডির বিষয়ে বনানী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ৮ জুলাই পিয়া জান্নাতুল বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি অতীতে বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত নন এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।
পিয়া জানান, সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও আপত্তিকর বার্তার মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে হুমকিমূলক ফোনকলও আসছে বলে তিনি অভিযোগ করেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, প্রায় তিন মাস ধরে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে। এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং পুলিশি সুরক্ষা চেয়ে জিডি করেন পিয়া জান্নাতুল। আদালতের নির্দেশে এখন বিষয়টি তদন্ত করবে বনানী থানা পুলিশ।



