রাজধানীর আদাবরে এক মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে তার প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ মামলাটি করেন নিহত নারীর বড় বোন রাজিয়া সুলতানা।
মামলার প্রধান আসামি ফটোগ্রাফার নামিম আশরাফ মনি। অপর দুই আসামি হলেন তার বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, নিহত সাদিয়া ইয়াসফিয়া পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। ২০২৪ সালে একটি শুটিংয়ের কাজে ফটোগ্রাফার নামিম আশরাফের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করছিলেন নামিম। গত ১০ জুন তিনি সাদিয়াকে রাজধানীর আদাবরের শেখেরটেকে নিজের স্টুডিওতে ডেকে নেন। সেখানে তাকে আটকে রেখে পরিবারের কাছে ভিন্ন তথ্য দিতে বাধ্য করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ওই স্টুডিওতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বলেও মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। মামলাটি বর্তমানে তদন্ত করছে ডিবি।



