কক্সবাজারে সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বন বিভাগ।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।
বন বিভাগ জানায়, সকালে সংরক্ষিত বনভূমিতে দখল করা জমিতে গড়ে ওঠা অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় একদল দখলদার ও ভূমিদস্যু সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়।
হামলায় পাঁচজন আহত হওয়ার পাশাপাশি অভিযানে ব্যবহৃত সরকারি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি দায়িত্ব পালনকালে বন বিভাগের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বন বিভাগ জানিয়েছে, হামলার ঘটনায় কয়েকজনের নাম প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বনকর্মীদের অভিযোগ, দীর্ঘদিনের লোকবল সংকটের সুযোগ নিয়ে প্রভাবশালী দখলদার চক্র কক্সবাজারের বিভিন্ন সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা ও পানের বরজ তৈরি করছে। এসব উচ্ছেদ অভিযানে নিয়মিত বাধা ও হামলার মুখে পড়তে হচ্ছে বন কর্মকর্তাদের।



