মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। প্রাণনাশের হুমকি এবং দীর্ঘদিন ধরে অনুসরণ করার অভিযোগে দায়ের করা জিডির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বনানী থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে জিডির তদন্তের অনুমতি সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বনানী থানার পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, জিডির তদন্তের অনুমতির আবেদন শুনানি শেষে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৮ জুলাই রাজধানীর বনানী থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন পিয়া জান্নাতুল। জিডিতে তিনি উল্লেখ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন।
অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা, ভয়ভীতি প্রদর্শন, অজ্ঞাত নম্বর থেকে ফোনে প্রাণনাশের হুমকি এবং গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা অনুসরণ করার ঘটনা ঘটছে। এসব কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের কাছে নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন পিয়া জান্নাতুল। একই সঙ্গে তিনি জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করেন, অতীতে বা বর্তমানে তাঁর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা নেই।



