দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, আগুন লাগার সময় নিহত ও আহত ব্যক্তিরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি।
নিহত বাংলাদেশিদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ শনাক্তকরণ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।



