বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক গোলাম সরোয়ার হিরু মারা গেছেন। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গোলাম সরোয়ার হিরু। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম সরোয়ার হিরু। তার রাজনৈতিক জীবনের শুরু স্থানীয় সরকার পর্যায়ে। দীর্ঘ সময় তিনি কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
গোলাম সরোয়ার হিরুর রাজনৈতিক পথচলা ছিল বৈচিত্র্যময়। তিনি বিভিন্ন সময়ে ইসলামী ঐক্যজোট, বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দল পরিবর্তনের কারণে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে একাধিকবার আলোচনায় আসেন তিনি।
১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেওয়ার মাধ্যমে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন তিনি। একই বছরের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। পরে ২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অংশ নেন। সর্বশেষ ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবেও আলোচনায় ছিলেন তিনি।



